আড়াই বছর পর দায়িত্ব বুঝে পেলেন গাজীপুরের মেয়র

নগর ভবনে পৌঁছানোর পর মেয়রকে ফুল দিয়ে বরণ করা হয়সর্বোচ্চ আদালতের নির্দেশে ২৮ মাস পর দায়িত্ব বুঝে নিয়েছেন গাজীপুর সিটি করপোরশেনের প্রথম নির্বাচিত মেয়র অধ্যাপক এম এ মান্নান। রবিবার (১৮ জুন) দুপুর ১টার দিকে গাজীপুর আদালতে হাজিরা শেষে তিনি নগর ভবনে নিজ কার্যালয়ের দায়িত্ব বুঝে নেন। এসময় তিনি বলেন, নির্বাচনি ফলাফলে জয়লাভ করেও আমি মেয়রের আসনে বসতে পারিনি। শেষ পর্যন্ত আইনি লড়াইয়ের মাধ্যমে আমাকে দায়িত্ব বুঝে নিতে হয়েছে।
কার্যালয়ে প্রবেশের পর মেয়র বলেন, ‘বারবার আমাকে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তবে আদালতের নির্দেশে আমি আবারও গাজীপুর মহানগরের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি। এটা জনরায়ের জয়।’
এর আগে অধ্যাপক এম এ মান্নান নগর ভবনে আসবেন— এমন খবরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিএনপিপন্থী কাউন্সিলররা সিটি করপোরেশনের সামনে অবস্থান নেন। বেলা ১টার দিকে মেয়র মান্নান নগর ভবনের প্রধান ফটকের সামনে আসার পর তারা স্বাগত জানান তাকে।
দায়িত্ব বুঝে নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মেয়র মান্নানএসময় মেয়র বলেন, ‘সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে যেসব কাজ অগ্রাধিকার ভিত্তিতে করা দরকার, সে কাজগুলো করা হবে।’ সর্বোচ্চ আদালতে আদেশের পর মেয়রের দায়িত্ব পালনে আর কারও অনুমতির প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলা মামলায় ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় মেয়র এম এ মান্নানকে ঢাকার বারিধারার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। এর পর একে একে তার বিরুদ্ধে ৩০টি মামলা দায়ের করা হয়। সব ক’টি মামলাতেই তিনি জামিন পান।
মেয়র মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ।

আরও পড়ুন-

গোপালগঞ্জে মূর্তি ভাঙচুর

অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় প্রাণহানি ও পরিবেশ বিপর্যয়

/এমএ/টিআর/