লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি মাইন উদ্দিনসহ তিন নেতাকে কুপিয়ে জখম করার ঘটানায় প্রতিপক্ষের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে আহত ছাত্রলীগ নেতা মাইন উদ্দিনের বাবা শফি উল্লাহ বাদী হয়ে কমলনগর থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আবদুস সামাদ রাজু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান বিপ্লবসহ ২০ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জনকে আজ্ঞাত আসামি করা হয়েছে।
ওই মামলায় পুলিশ ছাত্রলীগ কর্মী আল আমিন ও ইসমাইলকে শনিবার সকালে গ্রেফতার করেছে বলে জানানা কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।
গত শুক্রবার দুপুরে কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জেরে ও জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেলে বিরুদ্ধে বিক্ষোভ করায় নবগঠিত ছাত্রলীগ সভাপতি মাইন উদ্দিনসহ তিন নেতাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা।
চলতি বছরের ৫ মার্চ আবদুস সামাদ রাজুকে সভাপতি ও রাকিবুল হাসান বিপ্লবকে সাধারণ সম্পাদক করে কমলনগর উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। তিন মাস পর ১৩ জুন লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগ মাইন উদ্দিনকে সভাপতি ও সাদ্দাম হোসেন আবিদকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ। নতুন কমিটি গঠনের পর থেকে সদ্য বিলুপ্ত কমিটির নেতারা নতুন কমিটি বাতিল করে আগের কমিটি পুনর্বহালের দাবিতে হাজিরহাটে মানববন্ধন, লরেন্স ও তোরাবগঞ্জে বাজারে বিক্ষোভ করে। গত ২১জুন বিকেলে ছাত্রলীগের নবগঠিত কমিটি মুন্সিরহাট বাজারে আনন্দ মিছিল বের করলে সদ্য বিলুপ্ত কমিটি তাদেরকে ধাওয়া করে।
এদিকে ছাত্রলীগের অভ্যান্তরীণ কোন্দলে লক্ষ্মীপুর জেলা শহর ও চন্দ্রগঞ্জে পৃথক পৃথকভাবে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে নেতা কর্মীরা। যে কোনও মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন ছাত্রলীগ কর্মীরা।
/জেবি/
আরও পড়তে পারেন: লক্ষ্মীপুর কারাগারে যুবদল নেতার মৃত্যু