পাহাড় ধস: আশ্রয়কেন্দ্রের মানুষ বাড়ি ফিরতে শুরু করেছে

পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের জন্য আশ্রয়কেন্দ্ররাঙামাটিতে পাহাড় ধসের ঘটনায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা দুর্গত মানুষেরা নিজ নিজ বাড়িতে ফেরা শুরু করেছেন।

১৯টি আশ্রয়কেন্দ্রে  প্রায় তিন হাজার মানুষ আশ্রয় নিয়েছিলেন।

শনিবার বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা গেছে, আশ্রয়কেন্দ্রে থাকা বেশির ভাগ  মানুষই নিজ নিজ নিজ ঠিকানায় ফিরে যাচ্ছেন।

পরিবার নিয়ে আশ্রয়কেন্দ্রে থাকা দুলাল বলেন, ‘আমরা গত ১৪ জুন থেকে আশ্রয়কেন্দ্রে ছিলাম। আমার বাসা রাঙামাটির নতুন পাড়ায়। পাহাড় ধসের কারণে ঘরের যে অংশ ভেঙে গেছে, তা  মেরামত করেছি। তাই  পরিবার নিয়ে নিজের বাসায়  ফিরে এসেছি।’

অন্যদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিবার নিয়ে আশ্রয় গ্রহণ করা সাদ্দাম বলেন, ‘আমার বাড়িঘর কিছুই নেই। ঘর ভাড়া নিয়ে যে থাকবো , সেই অবস্থাও আমার নেই। এখন সরকারই  আমার একমাত্র ভরসা।’

জাকির ও সাহিদা দম্পতি জানান, আমাদের বাড়িঘর সব মাটির নিচে চলে গেছে। ঘটনার পর থেকে আমরা আশ্রয়কেন্দ্রে ছিলাম। ভেদভেদীতে একটি ঘর ভাড়া করেছি, সেখানে গিয়ে উঠবো।

সহকারী কমিশনার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বাংলা ট্রিবিউনকে জানান, যাদের বাসা মোটামুটি ভালো আছে, তারা সাময়িকভাবে মেরামত করে বাসায় ফিরে যাচ্ছে। অনেক পরিবার বিভিন্ন  স্থানে ঘর ভাড়া করে পরিবার নিয়ে চলে যাচ্ছে বলে জানান তিনি।

সহকারী কমিশনার আরও  জানান, কয়েক দিনের মধ্যে টিভি স্টেশন, রেডিও স্টেশন, রাঙামাটি কলেজ আশ্রয়কেন্দ্রের মানুষগুলোকে মারি স্টেডিয়াম ও জিমনেশিয়ামে সরিয়ে  নেওয়া হবে।

/এপিএইচ/