নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৯

নড়াইলনড়াইলের লোহাগড়া উপজেলার সারোল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। শনিবার (১ জুলাই) দিবাগত রাতে সরোল গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আলম ও খোকন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জের ধরে শনিবার রাত ৮টার দিকে দু’পক্ষের মধ্যে দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি ও লাঠি নিয়ে সংঘর্ষ বেঁধে যায়। এতে আলম গ্রুপের ১২ এবং খোকন গ্রুপের ৭ জন আহত হয়েছেন। আহত রমজান শেখ (২০), জিল্লুর রহমান (২৪) আলি হোসেন (৩৫), লিটন সরদার (২৮), আব্দুল্লাহ (২০), ইমরানসহ (৩০) ১৯ জনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রবীর দাস বলেন, ‘সংঘর্ষের ঘটনায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে।’

/এসএনএইচ/