চাঁপাইনবাবগঞ্জে একটি অস্ত্র মামলায় দুই জনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২ জুলাই) দুপুরে স্পেশাল ট্রাইবুন্যাল-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান এ রায় প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তেলকুপি বাজারপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে সোহেল রানা (২৩) ও একই এলাকার ফজলুর রহমানের ছেলে মজিবুর রহমান (৪৪)।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১১ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর চামাবাজার এলাকায় আসামিদের দেহ তল্লাশি করে ২টি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ১৩ রাউন্ড গুলিসহ তাদের আটক করে র্যাব সদস্যরা। ওই দিনই শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষের উকিল ছিলেন এপিপি অ্যাডভোকেট আঞ্জুমান আরা ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল ওদুদ।
/এএইচ/টিএন/