নরসিংদীতে বিএডিসি-ডিলারের পরস্পরবিরোধী বক্তব্য, ধানবীজের সংকটে কৃষক

ধানবীজ না পেয়ে বিএডিসির সামনে কৃষকদের বিক্ষোভনরসিংদীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ধানবীজ বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ডিলারদের কাছ থেকে ন্যায্যমূল্যে আমন ধানের বীজ না পেয়ে বিএডিসি কেন্দ্রে ভিড় করছেন কৃষকরা। বীজ না পেয়ে বিএডিসির সামনে বিক্ষোভও করেছেন তারা। ডিলাররা বলছেন, পর্যাপ্ত পরিমাণ বীজ না পাওয়াতেই তারা কৃষকদের চাহিদা মেটাতে পারছেন না। অন্যদিকে, বিএডিসি বলছে, প্রয়োজনীয় পরিমাণে বীজ সরবরাহ করা হয়েছে।
বিএডিসির তথ্য অনুযায়ী, নরসিংদী জেলার ছয়টি উপজেলায় আমন ধানবীজের চাহিদা তিনশ ৩৩ মেট্রিক টন। এর বিপরীতে জেলার ছয়টি উপজেলায় একশ চার জন ডিলারের মাধ্যমে তিনশ ৭৬ মেট্রিক টন বীজ বিতরণ করা হয়েছে। ডিলাররা প্রতি বস্তা বীজ সরকার নির্ধারিত ৩৪০ থেকে ৩৫০ টাকায় বিক্রি করবেন।
তবে নিজেদের চাহিদামতো ধানবীজ পাচ্ছেন না বলে অভিযোগ করছেন কৃষকরা। রবিবার (২ জুলাই) বিএডিসির সামনে বিক্ষোভও করেন তারা। এসময় মনোহরদী উপজেলার কৃষক আব্দুস সামাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ডিলাররা প্রতিবস্তা বীজ পাঁচশ থেকে সাড়ে ছয়শ টাকায় বিক্রি করছে। এরপরও চাহিদা অনুযায়ী বীজ পাওয়া যাচ্ছে না।’
বেলাব উপজেলার কৃষক তোফাজ্জল হোসেন বলেন, ‘ডিলারদের কাছে গেলে তারা বলছে, ধানের বীজ নাই, বিএডিসিতে যান। আবার বিএডিসি বলছে, ডিলারদের কাছে পর্যাপ্ত পরিমাণ বীজ দেওয়া হয়েছে। আমরা এখন কোথায় যাবো?’
ধানবীজের এই সংকটের বিষয়ে জানতে চাইলে বিএডিসি ডিলার অ্যাসোসিয়েশন ঢাকা অঞ্চলের সভাপতি আমির হোসেন শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘চাহিদা অনুযায়ী ডিলারদের পর্যাপ্ত পরিমাণ বীজ না দেওয়ায় সংকট তৈরি হয়েছে। ফলে আমরা কৃষকদের চাহিদা মেটাতে পারছি না।’ ডিলাররা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের বাইরে বীজ বিক্রি করছে না বলেও দাবি করেন তিনি।
তবে ডিলারদের এই অভিযোগ অস্বীকার করছে বিএডিসি। সংস্থাটির নরসিংদীর সিনিয়র সহকারী পরিচালক ড. আবু রেজা মো. মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কৃষি সম্প্রসারণ অধিদফতরের দেওয়া চাহিদা অনুযায়ী জেলার ছয় উপজেলার জন্য পর্যাপ্ত পরিমাণে বীজ সরবরাহ করা হয়েছে। ডিলারদের কাছ থেকেই কৃষকরা বীজ পাবেন।’
এদিকে, কৃষকরা ধানবীজের সংকটের অভিযোগ করলেও জেলায় এর সংকট নেই বলে দাবি করেছেন নরসিংদীর জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। তিনি বলেন, ‘প্রকৃত কৃষকরা চাহিদা অনুযায়ী বীজ পাবেন। ডিলাররা যেন সরকার নির্ধারিত মূল্যের বাইরে বীজ বিক্রি করতে না পারে, তা তদারকি করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা। এরই মধ্যে মনোহরদীতে অতিরিক্ত মূল্যে বীজ বিক্রির দায়ে ছয় জন ডিলারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।’

আরও পড়ুন-

পুলিশের ভয়ে পালাতে গিয়ে বিএনপি নেতার মৃত্যু!

রাজশাহীর ‘জঙ্গি আস্তানা’য় গ্রেফতার ৩ জন ফের রিমান্ডে

/এএইচ/টিআর/