রায়পুরায় হত্যাসহ সহিংসতার একাধিক মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

গ্রেফতারকৃত শাহেদ সরকার (ছবি- নরসিংদী প্রতিনিধি)

নরসিংদীর রায়পুরায় হত্যাসহ সহিংসতার একাধিক মামলায় আওয়ামী লীগ নেতা হাফিজুর রহমান শাহেদ সরকারকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়ার চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ সাইদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত শাহেদ সরকার রায়পুরা উপজেলার বাশাঁগাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বেশ কয়েকবার শাহেদ সরকার ও বাশঁগাড়ী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিরাজুল হকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসব ঘটনায় উভয় পক্ষের সাত ব্যক্তি নিহত হন। এছাড়া আহত হন অর্ধ-শতাধিক। এতে ভিন্ন ভিন্ন সময়ে দুই পক্ষের লোকজন থানা ও আদালতে পাল্টাপাল্টি সাতটি হত্যাসহ ৪১টি মামলা দায়ের করেন। এর মধ্যে শাহেদ সরকারের বিরুদ্ধেই ২০টি মামলা দায়ের হয়।

পুলিশ জানায়, সম্প্রতি আবারও শাহেদ সরকার ও সিরাজুল হকের সমর্থকদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি দেখা দিয়েছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হত্যা ও সহিংসতার একাধিক মামলায় শাহেদ সরকারকে গ্রেফতার করা হয়েছে।

/এমএ/