কোড়কদি ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

 

Faridpur-Human-Chain-Pic-2-ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদি ইউনিয়নের চেয়ারম্যান মুকুল হোসেন ও তার সমর্থকদের অত্যাচার-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকবাসী। বুধবার (৫ জুলাই) সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সামনের মুজিব সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উক্ত এলাকার সহিদ মৃধা, হেলাল শেক, আব্দুল মান্নান, অনিক শেখ ও সাহেব মিয়া। এসময় বক্তারা অভিযোগ করেন, ২০১৫ সালের ১৬ জুলাই তারা ইউনিয়ন পরিষদের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান মুকুলকে সমর্থন না করে আরেক প্রার্থীকে সমর্থন দিয়েছিলেন। নির্বাচনে জয়ী হওয়ার পর থেকেই এই কারণে তাদের ওপর নানাভাবে জুলুম নির্যাতন চালিয়ে আসছে চেয়ারম্যান ও তার লোকজন।

তারা জানান, তাদের বাড়ি-ঘরে হামলা করে ভাঙচুর-লুটপাট করা হচ্ছে। কিশোরী-তরুণী মেয়েদের হয়রানি করা হচ্ছে। ভয়ে তারা স্কুল-কলেজ যাওয়া বন্ধ করে দিয়েছে। চেয়ারম্যানের লোকজন মসজিদে যাওয়ার রাস্তাও বন্ধ করে দিয়েছে।

তারা জানান, রোজার মাসে তাদের ৩০টি পরিবারের বসত-বাড়ি ভাঙচুর করে লুটপাট করেছে। ওইসকল ঘটনায় স্থানীয় প্রশাসনের কাছে প্রতিকার চাইতে গেলেও চেয়ারম্যান স্থানীয় সংসদ সদস্যের কাছের লোক হওয়ায় তারাও কোনও সহায়তা করেননি। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে জুলুম নির্যাতনের প্রতিকার ও বিচার চেয়ে স্মারকলিপি দেন তারা।

/এনআই/