গাজীপুরে অটোচালক হত্যায় ২ ভাইসহ ৩ জনের মৃত্যুদণ্ড

আসামি আলমগীর ও মেহেদী আদালতে নিচ্ছে পুলিশ (ছবি-গাজীপুর প্রতিনিধি)

গাজীপুরে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে দুই ভাইসহ তিন আসামির ফাঁসির রায় দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া দস্যুতার অভিযোগে অপর ধারায় আসামিদের প্রত্যেককে আরও ১০ বছর করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও তিন মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (৫ জুলাই) গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক চার বছর আগের এই হত্যা মামলার রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) হারিজ উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত তিন আসামি হলো- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার আব্দুর রহমানের ছেলে মেহেদী হাসান বাবু, জাথালিয়া এলাকার আমির হামজার দুই ছেলে মো. আলমগীর হোসেন ও দেলোয়ার হোসেন। রায় ঘোষণাকালে আলমগীর ও মেহেদী আদালতে উপস্থিত ছিল। তবে দেলোয়ার পলাতক রয়েছে।

পিপি হারিজ উদ্দিন আহমেদ বলেন, ‘২০১৩ সালের ২৬ ডিসেম্বর বিকালে বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হন কালিয়াকৈরের অটোরিকশা চালক হায়দার আলী। দুর্বৃত্তরা তাকে অপহরণের পর হত্যা করে অটোরিকশাটি নিয়ে যায়। পরদিন কালিয়াকৈরের রতনপুর এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় হায়দারের বড়ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১৪ সালে ঢাকার সিআইডির পরিদর্শক নাজমুল হক ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। দীর্ঘ শুনানি ও ১৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার আদালত ওই  রায় ঘোষণা করেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন লাবিব উদ্দিন সিদ্দিক ও ওয়াহিদুজ্জামান আকন।

/এএম/এমএ/