সিলেটে বন্যার পানি কিছুটা কমলেও আবহওয়ার উন্নতি না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে জানিয়েছেন সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.সিরাজুল ইসলাম।
তিনি বলেন, ‘কোথাও কোথাও দু-এক পয়েন্ট পানি কমলেও মূল হিসাবে তা আসছে না। সিলেট অঞ্চলে কয়েকমাস আগ থেকে হাওরে পানি থাকায় বন্যার দেখা দিয়েছে। যদি আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হয় তাহলে বন্যা আরও প্রকট আকার ধারণ করতে পারে।’
অন্যদিকে সিলেটের গোলাপগঞ্জ, বিয়ানীবাজার, জকিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, ওসমানীনগর, কোম্পানিগঞ্জ, দক্ষিণ সুরমাসহ ৫৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪৬৬ প্লাবিত গ্রাম থেকে পানি নামতে শুরু করেছে বলে জানান জেলা প্রশাসক। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল থেকে সিলেটে বৃষ্টি না হওয়ার কারণে পানি নামতে শুরু করে। তবে সিলেটের ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, গোলাপগঞ্জের প্লাবিত গ্রাম থেকে পানি নামলেও হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে।
সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার জানান, সিলেটে বৃষ্টি না হওয়ায় কয়েকটি উপজেলায় পানি নামতে শুরু করেছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্লাবিত গ্রামগুলোতে ত্রাণ দেওয়া অব্যাহত আছে। শুকনো খাবার দেওয়ার পাশাপাশি আগামীকাল শুক্রবার (৭ জুলাই) থেকে রান্নার সামগ্রী বিতরণ করা হবে। জেলা প্রশাসনের কাছে ত্রাণ সামগ্রী পৌঁছেছে।
সিলেট জেলা ত্রাণ ও পুনর্বাস কর্মকর্তা মফজুলের রহমান মজুমদার জানান, সিলেট জেলা প্রশাসনের কাছে ত্রাণ সামগ্রী এসে পৌঁছেছে। এগুলো প্যাকেট করে বন্যা কবলিত গ্রামে বিতরণ করা হবে।
তিনি আরও জানান, ত্রাণগুলোর মধ্যে থাকবে- চাল, ডাল, চিনি, গুড়, চিড়া, সয়াবিন তেল, লবণ, মোমবাতি ও দিয়াশলাই। এখনও পর্যন্ত আর আশ্রয় কেন্দ্র কিংবা প্লাবিত গ্রামের সংখ্যা বৃদ্ধি পায়নি।
অন্যদিকে সিলেটে বন্যায় প্লাবিত গ্রামগুলোতে ৭৮টি মেডিক্যাল টিম স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। এছাড়া আরও ৭০টি মেডিক্যা টিম স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. হিমাংশু লাল রায় জানান, বন্যার কারণে অসুস্থ কোনও মানুষ যাতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হয় সে জন্য স্বাস্থ্য বিভাগের কর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে নিরলসভাবে কাজ করছে।
তিনি জানান, বন্যা দূর্গত এলাকার মানুষের স্বাস্থ্যমান টিকিয়ে রাখতে জেলা রিজার্ভ স্টোরে ১০৯০০০ লিটার পানি বিশুদ্ধকরণ ওষুধ, ৮৯০০০টি খাবার স্যালাইন সংরক্ষিত আছে। এছাড়া ডাইরিয়া ও কলেরা দূরীকরণের জন্য ৩৪০০টি আইভি ফ্লুইড মজুদ আছে। বন্যায় আক্রান্ত মানুষকে স্বাস্থ্যসেবা দিতে পর্যাপ্ত পরিমাণে ওষুধ মজুদ রয়েছে ।
/জেবি/
আরও পড়তে পারেন: গাজীপুর সিটি মেয়র মান্নান ফের বরখাস্ত