সাম্যবাদী দলের চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা





rajshahiসরকার ও দেশবিরোধী বক্তব্য দেওয়ার অভিযোগে রাজশাহীর চারঘাটে সাম্যবাদী দলের চার নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রেকর্ড করেছে পুলিশ। ঘটনার দুই মাস পর বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে চারঘাট মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারন চন্দ্র বর্মন এ তথ্য জানান।

আসামিরা হলেন সাম্যবাদী দলের মুক্তি কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডা. ফয়জুল হাকিম (৫৫), মুক্তি কাউন্সিল উত্তরাঞ্চল-৩ পাবনার সভাপতি মজিবর রহমান (৫২), মুক্তি কাউন্সিল উত্তরাঞ্চল-৩ পাবনার ঈশ্বরদীর সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (৫০) ও সাম্যবাদী দলের চারঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আব্দুল হাকিম (৬০)।

ওসি নিবারন চন্দ্র বর্মন জানান, ‘চলতি বছরের ৭ এপ্রিল সাম্যবাদী দলের চারঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা. হাকিমের সভাপতিত্বে একটি রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়। চারঘাট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সভায় সাম্যবাদী দলের নেতা ডা. ফয়জুল হাকিম, মজিবর রহমান ও আবুল কালাম আজাদ সরকার, সেনাবাহিনী ও পররাষ্ট্রনীতিসহ দেশবিরোধী বক্তব্য রাখেন। এতে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগসহ স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে সভাস্থলে হামলা চালিয়ে তারা চেয়ার ও মঞ্চ ভাঙচুর করে। এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ কর্মী রায়হানুল হক রানা বাদী হয়ে সাম্যবাদী দলের চার নেতার বিরুদ্ধে চারঘাট মডেল থানায় অভিযোগ দায়ের করেন। যাতে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়।

ওসি আরও জানান, ওই অভিযোগটি জিডি হিসেবে গ্রহণ করে তা রাষ্ট্রদ্রোহ মামলা হিসেবে রেকর্ড করার অনুমোদন চেয়ে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতির দফতরে পাঠানো হয়। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০ টার দিকে রাষ্ট্রদ্রোহের মামলা হিসেবে রেকর্ড করার জন্য অনুমোদনের চিঠি থানায় পৌঁছে। এরপর বৃহস্পতিবার দুপুরে সেটি মামলা হিসেবে রেকর্ড করা হয়।

ওসি আরও জানান, ‘সাম্যবাদী দলের পক্ষ থেকে সরকার বা রাষ্ট্রবিরোধী কোন বক্তব্য প্রদান করা হবে না মর্মে লিখিত অঙ্গীকার করে সভা করার অনুমোদন নেয়। কিন্তু সভায় তারা স্বাধীনতা যুদ্ধ, পররাষ্ট্রনীতি, সেনাবাহিনী এবং সরকার ও দেশবিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য দেয়। যা জনগণের মধ্যে উত্তেজনা, ঘৃনা বর্বরতা ও বিদ্বেষী মনোভাব সৃষ্টি করেছিল বলে মামলায় অভিযোগ আনা হয়েছে।’

/এনআই/