জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মোহাম্মদ এরশাদ বলেছেন, ‘দেশে আল্লাহর গজব পড়েছে; এজন্য বন্যা হচ্ছে, পাহাড় ধস হচ্ছে, মানুষ মারা যাচ্ছে।’
শুক্রবার (৭ জুলাই) সিলেটের ওসমানীনগরে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করার পর এক সংক্ষিপ্ত পথসভায় তিনি একথা বলেন।
হুসেইন মোহাম্মদ এরশাদ বলেন, ‘দেশের মানুষ আজ ভালো নেই। চারদিকে শুধু গুম ও খুন। দিন শুরু হয় খুনের খবর দিয়ে। ঘরে ঘরে গুম ও খুনের আতঙ্ক বিরাজ করছে।’
তিনি আরও বলেন, ‘বন্যায় ফসল হারিয়ে মানুষ আজ নিঃস্ব। চরম দুর্ভোগে সবাই। কোথাও কোনও সুসংবাদ নেই।’ এমন পরিস্থিতিতে জাতীয় পার্টিকে ক্ষমতায় পাঠানোর আহ্বান জানান এরশাদ। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আবার মানুষের সুদিন ফিরে আসবে; আতঙ্ক কেটে যাবে বলেও দাবি করেন তিনি।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, সাবেক মহাসচিব জিয়া উদ্দিন বাবলু, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, সংসদ সদস্য মুমিন চৌধুরী বাবু, ইয়াহইয়া চৌধুরী, ওসমানীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী।
/এমএ/