সোনারগাঁওয়ে তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তরুণকে কোপালো বখাটেরা!

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় শাফিন আহমেদ অপূর্ব (১৯) নামে এক তরুণকে প্রথমে মারধর ও পরে কোপানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৭ জুলাই) রাত ৮টায় উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। পরে শনিবার দুপুরে অপূর্বের বাবা আতাউর রহমান বাদী হয়ে পাচঁ বখাটের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও চারজনকে আসামি করে মামলা করেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের এসব তথ্যের সত্যতা স্বীকার করেছেন।

অপূর্বের বাবা আতাউর রহমান মামলার এজাহারে উল্লেখ করেন, ‘মোগড়াপাড়ার দমদমা এলাকার বাখাটে ও মাদকাসক্ত রক্সি (২৬), মুন্না (২৬), শুভ (২৬), অয়ন (২০) ও রাজিব (২৮) প্রায়ই রাস্তায় আসা-যাওয়ার পথে তরুণীদের উত্ত্যক্ত করে আসছিল। আমার ছেলে শাফিন আহমেদ অপূর্ব বখাটেদের এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় বখাটেরা তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। এরই জের ধরে শুক্রবার রাত আটটার দিকে অপূর্বকে চৌরাস্তা এলাকায় একা পেয়ে তার ওপর হামলে পড়ে। এরপর অপূর্বকে প্রথমে মারধর ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। অপূর্ব জীবন বাঁচাতে দৌড়ে পাশের পুকুরে ঝাঁপ দেয়। এসময় বখাটেরা অপূর্বের ব্যবহৃত এফজেট মোটরসাইকেল কুপিয়ে ভাঙচুর করে। আহত অপূর্বকে স্থানীয় এক ক্লিনিকে ভর্তি করা হয়েছে।’

বখাটেদের গ্রেফতার করার চেষ্টা চলছে বলে জানিয়েছেন ওসি মঞ্জুর কাদের।

/এমএ/