বগুড়ার ৮ উপজেলায় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা, নেতাকর্মীরা উজ্জীবিত

বাংলাদেশ ছাত্রলীগআগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়ায় ছাত্রলীগের কর্মকাণ্ড বেগবান, শক্তিশালী ও নিজ দলের প্রার্থীদের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখতে পদক্ষেপ নেওয়া হয়েছে। ছাত্রলীগের ২০টি সাংগঠনিক কমিটির মধ্যে ৮টি উপজেলা কমিটি বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনের চিঠি হাতে পাওয়ার পরপরই জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক ওই সব উপজেলায় প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এতে করে সম্ভাব্য প্রার্থী ও তাদের সমর্থক নেতাকর্মীরা উজ্জীবিত হয়েছেন।
কেন্দ্রের নির্দেশ অনুসারে ২৩ জুলাই শাজাহানপুর, ২৪ জুলাই শেরপুর, ২৫ জুলাই ধুনট, ২৬ জুলাই আদমদীঘি, ২৩ সেপ্টেম্বর সারিয়াকান্দি, ২৪ সেপ্টেম্বর কাহালু, ২৫ সেপ্টেম্বর গাবতলী এব ২৬ সেপ্টেম্বর নন্দীগ্রাম উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, ১২ উপজেলায় ১২টি, একটি পৌর এবং সাত কলেজে সাতটি মিলিয়ে এ জেলায় ছাত্রলীগের মোট ২০টি সাংগঠনিক কমিটি রয়েছে। ২০১২ সালে ও পরবর্তীতে সাংগঠনিক কমিটিগুলোর সম্মেলন অনুষ্ঠিত হয়। এর মধ্যে শুধু সরকারি আজিজুল হক কলেজ ও সোনাতলা উপজেলা কমিটির মেয়াদ আছে। নানা কারণে এতদিন মেয়াদোত্তীর্ণ ওইসব কমিটির সম্মেলন করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার (৪ জুলাই) কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের চিঠি হাতে পেয়েছি। আপাতত ৮টি উপজেলায় সাংগঠনিক কমিটি বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে পর্যায়ক্রমে অবশিষ্ট কমিটির সম্মেলন হবে।’

এদিকে কেন্দ্রীয় ও স্থানীয় নির্দেশনা পেয়ে ৮টি উপজেলায় ছাত্রলীগের নেতৃত্বে আসার জন্য সম্ভাব্য প্রার্থী এবং তাদের সমর্থকদের মাঝে উদ্দীপনা দেখা দিয়েছে। ইতোমধ্যে প্রার্থিতা নিয়ে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা শুরু হয়েছে।

/এপিএইচ/