চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্টে মুক্তিযোদ্ধার মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টকুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিজ বাড়িতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন (৫৮) নামের এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরের দিকে উপজেলার সবুজপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। চিলমারী উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর হোসেন এ তথ্য জানান।
মোজাফ্ফর হোসেন জানান, ‘মুক্তিযোদ্ধা আলাউদ্দিন চিলমারী উপজেলার সবুজপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। তিনি শোয়ার ঘরে দুই দিন আগে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পাতেন। মঙ্গলবার দুপুরের দিকে মাচা থেকে ধান নামাতে উঠলে সেই বৈদ্যুতিক ফাঁদের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ তিনি জানান, মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের স্ত্রী ও দুই ছেলে রয়েছে।
চিলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, বুধবার (১২ জুলাই) সকালে মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের লাশ দাফন করা হবে।
/এনআই/