ভিয়েতনাম থেকে আনা চালের প্রথম চালান চট্টগ্রামে

চাল আমদানি (ছবি- সংগৃহীত)ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালান চট্টগ্রামে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে প্রথম চালান নিয়ে আসা ভিসাই ভিসিপি-৫ নামের চাল বোঝাই জাহাজ কুতুবদিয়ায় বহির্নোঙরে পৌঁছে।
খাদ্য অধিদফতর (চট্টগ্রাম)-এর নিয়ন্ত্রক মো. জহিরুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিয়েতনাম থেকে আমদানি করা চালের প্রথম চালান বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে এসে পৌঁছেছে। ভিসাই ভিসিপি-৫ জাহাজে করে নিয়ে আসা এই চালানে ২০ হাজার মেট্রিক টন চাল রয়েছে।’
তিনি আরও জানান, ‘এই চাল আমদানির জন্য গত ১৪ জুন সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমতি দেয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি ভিনাফুড টু-এর সঙ্গে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী আজ প্রথম চালান চট্টগ্রাম এসে পৌঁছায়। আগামী ১৮ জুলাই দ্বিতীয় চালান এবং ২২ জুলাই তৃতীয় চালানটি দেশে পৌঁছাবে।’ আমদানি করা চালের ৬০ শতাংশ চট্টগ্রাম বন্দর হয়ে আসবে বলেও  জানান তিনি।
বন্দর সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) জাফর আলম বলেন, ‘জাহাজটি  কুতুবদিয়া চ্যানেলে এসেছে। জেটিতে আসতে আরও  দুই-তিন দিন সময় লাগবে। নমুনা পরীক্ষা-নিরীক্ষার পরে জাহাজ জেটিতে আসবে।’

/এপিএইচ/