বরিশালের কীর্ত্তনখোলা নদীতে ট্যাংকার ও কার্গোর মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) রাতে বরিশাল জেলা প্রশাসকের পক্ষ থেকে এ কমিটি গঠন করা হয়। জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিবকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ট্যাংকারের মোট ধারণ ক্ষমতা ১৩ লাখ লিটারের বেশি। এতে ১০টি চেম্বার রয়েছে। এর মধ্যে প্রথম চেম্বারটি ক্ষতিগ্রস্থ হয়েছে। ওই চেম্বারে ১ লাখ ৩২ হাজার লিটার ডিজেল ছিল। চেম্বারের ওপরিভাগ ক্ষতিগ্রস্থ হওয়ায় খুব বেশি ডিজেল নির্গত হতে পারেনি। দ্রুত অন্য চেম্বার ও ড্রামে স্থানান্তরের কারণে কম পরিমাণে ডিজেল পানিতে নি:সৃত হয়েছে। ট্যাংকারটি বরিশালের চানমারি ও কার্গোটি চরকাউয়া পয়েন্টে নৌ-পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান তিনি।
এদিকে, পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুই জাহাজের পক্ষ থেকেই কোতোয়ালী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সকাল ৮টার দিকে কীর্ত্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে চট্টগ্রাম থেকে বরিশালগামী তেলবাহী ট্যাংকার এমটি ফজরের সঙ্গে ভারত থেকে মংলা হয়ে ঢাকাগামী সিমেন্ট তৈরির কাঁচামালবাহী কার্গো এমভি মা-বাবার দোয়া’র সংঘর্ষ হয়। এতে দুটি নৌ-যানই ক্ষতিগ্রস্থ হয়। সংঘর্ষের কারণে তেলবাহী ট্যাংকারটি থেকে কিছু পরিমাণ ডিজেল নদীতে ছড়িয়ে পড়ে।
/এমএ/