৯ শিশুর মৃত্যু: প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি

সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু (ফাইল ছবি)

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ি ত্রিপুরা পাড়ায় অজানা রোগে আক্রান্ত হয়ে নয় শিশু মৃত্যুর ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি দু’টি। রবিবার (১৬ জুলাই) দুপুরে জেলার সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীর কাছে এ প্রতিবেদন জমা দেওয়া হয়। সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকীই বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘নয় শিশু মৃত্যুর ঘটনায় গঠিত দু’টি তদন্ত কমিটিই আজ (রবিবার) প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদন দু’টি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আক্রান্ত শিশুদের রক্ত ও প্রস্রাবের নমুনা বিশ্লেষণের পাশাপাশি প্রতিবেদন বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা সিদ্ধান্তে উপনীত হবেন।’

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘প্রতিবেদন আমি খুলে দেখিনি। হাতে আসার পরপরই তা ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’

জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, পাতলা পায়খানাসহ অন্যান্য উপসর্গ নিয়ে এক অজ্ঞাত রোগে গত কয়েক দিনে সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকার ত্রিপুরা পাড়ায় ৯ শিশু মারা যায়। এরপর ওই পাড়ায় এ রোগ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। গত বুধবার একদিনে এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয় ৪৬ শিশু। এ ঘটনায় গত বৃহস্পতিবার মিরসরাই উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল খালেককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন জেলা সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী।

অন্যদিকে, সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আব্দুস সালামকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট অন্য একটি তদন্ত কমিটি গঠন করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুল করিম রাসেল। দুই কমিটিকে নিহত শিশুদের আক্রান্তের কারণ অনুসন্ধান করতে বলা হয়।

এদিকে, একই রোগে আক্রান্ত হয়ে আজ (রবিবার) আরও এক শিশু হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী। তিনি বলেন, ‘আজ আমাদের একটি টিম ওই পাড়া পরিদর্শনে যায়, তখন জ্বর আক্রান্ত হওয়ায় এক শিশুকে নিয়ে এসে তারা হাসপাতালে ভর্তি করিয়ে দেয়।’

/এমএ/