আশুলিয়ায় জঙ্গি অভিযানের ঘটনায় র‌্যাবের দু’টি মামলা

আশুলিয়ায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও র‌্যাবের

আশুলিয়া থানার নয়ারহাটের চৌরাপাড়া এলাকায় জঙ্গিবিরোধী অভিযানের ঘটনায় দু’টি মামলা করেছে র‌্যাব। সোমবার (১৭ জুলাই) বেলা সোয়া ২টার দিকে র‌্যাব-৪ এর উপ-সহকারী পরিচালক (ডিএডি) শরিফুল ইসলাম খান বাদী হয়ে আশুলিয়া থানায় সন্ত্রাস দমন এবং অস্ত্র ও বিস্ফোরক আইনে এ মামলা দু’টি করেন। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি আব্দুল আউয়াল বলেন, ‘মামলা দু’টিতে আটককৃত চার জঙ্গিকে আসামি করা হয়েছে। আসামিরা হলো- মোজাম্মেল, ইরফানুল, রাশেদুল ও আলমগীর।’

উল্লেখ্য, শনিবার (১৫ জুলাই) দিনগত রাত ১টার দিকে চৌরাপাড়া এলাকায় আধাপাকা একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘেরাও করে র‌্যাব। রবিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে বাড়িটির ভেতর থেকে গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। নিরাপত্তার কারণে আশেপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়। ওই সময় পুরো এলাকা ঘেরাও করে রাখে র‌্যাব। পরে দুপুর ১২টার দিকে জঙ্গি সন্দেহে ঘিরে রাখা বাড়িটির ভেতর থেকে একজন একজন করে ‘জঙ্গি’ বের হতে শুরু করে। বেলা ১টার মধ্যে পর্যায়ক্রমে চারজন বের হয়ে আসে। এ অভিযানে জঙ্গি আস্তানায় তিনটি বোমা পাওয়া যায়, যা পরে নিষ্ক্রিয় করা হয়। ডগ স্কোয়াড দিয়ে আস্তানায় তল্লাশি চালানো হলেও আর কিছু পাওয়া যায়নি।

/এমএ/