কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া চার কাউন্সিলর হলেন— গাজীপুর সিটি করপোরেশনের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ, ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, ২০নং ওয়ার্ডের কাউন্সিলর মো. শহিদুল ইসলাম ও ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ফয়সাল আহমেদ সরকার।
জেলার মো. ফোরকান ওয়াহিদ বলেন, ‘চার জনের নামে হাইকোর্টের দেওয়া জামিনের কাগজপত্র রবিবার (১৬ জুলাই) বিকালে কারাগারে পৌঁছানোর পর ওই চার জনকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তবে সোমবার বিকাল পর্যন্ত কারাবন্দি অপর দুই আসামি ৫৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সফিউদ্দিন ও ৫৪নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ মো. আলেকের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছেনি। তাই তাদের মুক্তিও দেওয়া হয়নি।’
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গত ২০১৬ সালের ১৫ এপ্রিল রাতে জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা-চৌরাস্তা এলাকায় একটি যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়া ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আহাদুল ইসলাম বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে নাশকতার অভিযোগে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। মামলায় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র এম এ মান্নান ও নয় জন ওয়ার্ড কাউন্সিলরসহ নাম উল্লেখ করে ৪০ জন ও অজ্ঞাত আরও প্রায় ৩০ জন বিএনপি নেতাকর্মীকে আসামি করা হয়।
ওই মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও ১৬ জন ওয়ার্ড কাউন্সিলরসহ মোট ৫১ জনের নাম উল্লেখ করে ওই বছরের ২৭ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলার চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে সিটি করপোরেশনের আট কাউন্সিলর গত ১১ জুলাই গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ওই আদালতের বিচারক মো. ইকবাল হোসেন দুই আসামির জামিন মঞ্জুর করে ছয় জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ওই ছয় কাউন্সিলর হাইকোর্টে জামিনের আবেদন করলে তা মঞ্জুর হয়।
/টিআর/