বেরোবিতে ২ শিবির নেতাকর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (ফাইল ছবি)

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘গোপন সভার প্রস্তুতি নেওয়ার সময়’ দুই শিবির নেতাকর্মীকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর শফিক আশরাফ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবিরের দুই নেতাকর্মীর নাম হলো- উজ্জ্বল ও তৌহিদুল ইসলাম। তারা দু’জনই বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী। উজ্জ্বল সুন্দরগজ্ঞ উপজেলার বেলকা গ্রামের সফিকুল মিসয়া রহমানের ছেলে, আর তৌহিদুল একই উপজেলার কঞ্চিবাড়ি গ্রামের লুৎফর রহমানের ছেলে।

ছাত্রলীগের নেতাকর্মীদের দাবি, শিবিরের নেতাকর্মীরা বেরোবি ক্যাম্পাসে গোপনে তাদের কার্মকাণ্ড চালিয়ে আসছে। শিবির নেতাকর্মীরা ক্যাম্পাসে বড় ধরনের সহিংসতা সৃষ্টির পাঁয়তারা করছে বলেও খবর পেয়েছেন তারা। শুক্রবার সন্ধ্যার পর ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থান নেন। সন্ধ্যা ৭টার দিকে শিবির নেতাকর্মীরা মসজিদের পেছনে সমবেত হওয়ার চেষ্টা করে। এসময় ছাত্রলীগ নেতাকর্মীরা শিবিরের দুই নেতাকর্মীকে ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোবেল শেখ বলেন, ‘ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে শিবির। এরই অংশ হিসেবে শুক্রবার তারা সমবেত হওয়ার চেষ্টা করে।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শফিক আশরাফ বলেন, ‘ঘটনাটি জানতে পেরে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে গিয়েছিলাম। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মহিবুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জ্বল নিজেকে শিবিরের সাথী বলে জানিয়েছে। তবে তৌহিদুল শিবিরের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে।

/এমএ/