মৌলভীবাজারে বনকর্মীদের ওপর হামলা, আহত ৮

মৌলভীবাজারমৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের গোমড়া ফরেস্ট এলাকায় বনকর্মীদের ওপর হামলা করেছে স্থানীয় ভূমি জবরদখলদাররা। এ সময় বনকর্মীরা আত্মরক্ষায় চার রাউন্ড ফাকা গুলি ছোড়েন। হামলার সময় সৃষ্ট সংঘর্ষে আট বনকর্মীসহ উভয়পক্ষের নয় জন আহত হন। শনিবার (২৯ জুলাই) দুপুরে এ ঘটনার পর পুলিশ দু’জনকে আটক করে।
মৌলভীবাজার বন্যপ্রাণী প্রকৃতি ও ব্যবস্থাপনা সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তবিবুর রহমান জানান, বনকর্মী আনোয়ার হোসেন (৫০), মুজিবুর রহমান (৫৬), শেখ শাহরিয়া (২৩), সুব্রত সরকার (২৯) আহত হয়েছেন। অন্যদিকে, স্থানীয় দখলদারদের পক্ষে আশিক মিয়া (৬০), মোসতুরা খাতুন (৯০), রেজিয়া বেগম (৪৫) ও রুমন আহমদ (১৬) আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।  আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে গোমড়া এলাকায় বন বিভাগের সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানের সভাপতিত্বে সামাজিক বনায়নের উপকারভোগীদের নিয়ে সভা চলছিল। সভার এক পর্যায়ে স্থানীয় জবরদখলদার আশিক মিয়ার নেতৃত্বে কিছু লোক উপস্থিত হয়ে বনকর্মীদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় আত্মরক্ষার্থে চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে বনকর্মীরা।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতা (ওসি) সোহেল আহম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘খবর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। আটক রুমেল মিয়া (২১) ও রুমান মিয়া (১৬) আশিক মিয়ার ছেলে। এ ব্যাপারে বনবিভাগ বাদী হয়ে থানায় মামলা করেছে।

/এসএমএ/