নিখোঁজের ২২ দিন পর ফিরলো ব্রাহ্মণবাড়িয়ার সেই ছাত্র

মাহিদুল ইসলাম আকিব (ছবি- প্রতিনিধি)

নিখোঁজের ২২ দিন পর হোস্টেলে ফিরেছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাউতলীর উইজডম স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র মাহিদুল ইসলাম আকিব। শনিবার (২৯ জুলাই) রাত ৮টার দিকে সে ফিরেছে। আকিবের মা শেফালি বেগম ও উইজডম স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষক বাছির দুলাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

আকিবের মা শেফালি বেগম বলেন, ‘আমার ছেলে ফিরেছে। স্কুল কর্তৃপক্ষের চেষ্টায় সে ফিরে এসেছে। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আকিব রেজাল্ট খারাপ হওয়ায় ভয় ও অভিমানে সিলেট চলে গিয়েছিল।’

তিনি আরও বলেন, ‘৮ জুলাই উইজডম স্কুল অ্যান্ড কলেজের আবাসিক হোস্টেল থেকে আমার ছেলে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে ১৪ জুলাই আমি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি জিডি (সাধারণ ডায়েরি) করি। পরে একইদিন উইজডম স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকেও একই থানায় জিডি করা হয়।’ ওইদিন স্কুল কর্তৃপক্ষ থানায় জিডি করার পাশাপাশি বাটি চালানের মাধ্যমে জিন দিয়ে আকিবকে খোঁজে বের করার চেষ্টা করে বলেও জানান তিনি।

উইজডম স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষক বাছির দুলাল বলেন, ‘নিখোঁজের পর নিজের ছবি দিয়ে এসকে তাকসিন নামে ফেসবুকে একটি আইডি খোলে আকিব। ওই আইডি থেকে সে তার বন্ধু নিঝুমকে মেসেজ পাঠাতো। নিঝুম বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলে। তখন আমি নিঝুমকে পরামর্শ দিই, মা ও বোন অসুস্থ জানিয়ে আকিবকে মেসেজ পাঠাতে। নিঝুম তাই করে। পরে নিঝুম আকিবকে আমার মোবাইল ফোন নম্বর মেসেঞ্জারে পাঠায়। এতে আকিব আমার সঙ্গে যোগাযোগ করে। শনিবার রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড এলাকার একটি বাস থেকে আমি আকিবকে রিসিভ করে হোস্টেলে নিয়ে আসি।’

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীকে পাওয়া গেছে, এ সম্পর্কে এখন পর্যন্ত স্কুল কর্তৃপক্ষ বা তার পরিবারের কেউ আমাকে কিছু জানায়নি। আপনার মাধ্যমে খবরটা মাত্র জানলাম। তবে সে কোথায় গিয়েছিল, এ ব্যপারে খোঁজখবর নেওয়া হবে।’

/এমএ/