ফেসবুকে কলেজ ছাত্রীর বিকৃত ছবি প্রকাশ করে আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি আলমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩১ জুলাই) দুপুরে লাকসাম পৌরসভার পশ্চিমগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। লাকসাম থানার পরিদর্শক মো. আশ্রাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
আলমকে গ্রেফতারের প্রসঙ্গে মো. আশ্রাফ উদ্দিন বলেন, ‘কুমিল্লার লাকসামের নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের ছাত্রী স্মৃতি আক্তারের (১৮) আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি আলমকে আজ দুপুরে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার পশ্চিমগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আলম লাকসাম পৌর শহরের রাজঘাট (পশ্চিমগাঁও) এলাকার লাল মিয়ার ছেলে।’
উল্লেখ্য, ফয়জুন্নেছা সরকারি কলেজের ব্যবসায় শিক্ষা শাখার দ্বিতীয় বর্ষের ছাত্রী স্মৃতি আক্তার গত শুক্রবার (২৮ জুলাই) গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে এজন্য আলমকে দায়ী করে পাঁচ পৃষ্ঠার একটি সুইসাইড নোটে লিখে যান তিনি। পরদিন শনিবার রাতে পরিবারের লোকজন সুইসাইড নোটটি খুঁজে পান।
স্মৃতির সুইসাইড নোটে থেকে জানা যায়, আলম তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো। একসময় আলম তাকে হত্যার হুমকিও দেয়। বিষয়টি স্মৃতি তার মাকে জানালে তিনি আলমের পরিবারকে জানান। এতে আলম ক্ষিপ্ত হয়ে স্মৃতির নামে ফেসবুকে ভুয়া আইডি খুলে বিভিন্ন অপপ্রচার চালায়। এছাড়া স্মৃতির ছবি বিকৃত করে তা ফেসবুকে পোস্ট করে। বিষয়টি জানার পর লজ্জায় অপমানে আত্মহত্যার পথ বেছে নেন স্মৃতি।
ওইদিনই স্মৃতির মা অহিদা বেগম বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।
/এএইচ/এমএনএইচ/