বান্দরবানে পাহাড় ধস: আরও এক লাশ উদ্ধার

নিখোঁজদের লাশ উদ্ধারের চেষ্টা (ফাইল- ছবি)

প্রবল বর্ষণে বান্দরবানের রুমা উপজেলায় সড়কে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ থাকা আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ জুলাই) সন্ধ্যার দিকে বেতছড়া ঝিরি থেকে এ লাশ উদ্ধার করা হয়। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর আলী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের ধারণা, এ লাশ পাহাড় ধসে নিখোঁজ হওয়া রুমা উপজেলার পোস্ট-মাস্টার রবিউলের।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, পানি কমে যাওয়া বেতছড়া ঝিরি থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পাথরের সঙ্গে আটকে থাকা অবস্থায় লাশটি দেখতে পান। পরে তারা ঘটনাস্থল থেকে লাশটি বহন করে প্রধান সড়কে নিয়ে এসে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে বান্দরবানে নিয়ে আসে।

ওসি ওমর আলী বলেন, ‘লাশটি দেখে নিশ্চিত হই, এটি পাহাড় ধসে নিখোঁজ থাকা ব্যক্তির লাশ। তবে লাশটি কার, এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যাইনি। নিশ্চিত হওয়া গেলে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

এর আগে রবিবার (২৩ জুলাই) রুমা সড়কে পাহাড় ধসে পড়ে পাঁচ জন নিখোঁজ হন। এর মধ্যে ওই দিনই চিংমেনু মার্মা (১৮) নামে একজনের লাশ উদ্ধার করা হয়। ঘটনার তিনদিন পর চট্টগ্রামের বাঁশখালীর সাঙ্গু নদীর মোহনা থেকে উদ্ধার করা হয় রুমা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী মন্নি বড়ুয়ার লাশ। ঘটনার পঞ্চম দিন পর গৌতম নন্দীর লাশ ও অষ্টম দিন পর আর একজনের লাশ উদ্ধার করা হয়। এখনও চিংমেচিং মার্মা নামে এক স্কুলছাত্রী নিখোঁজ রয়েছে। সে বান্দরবান সাঙ্গু উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনিতে পড়ত।

/এমএ/