নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান কার্যক্রম চালু হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে স্ত্রীরোগ বিশেষজ্ঞ (গাইনি) ডা. ওবায়দা নাজনীন মুক্তা উপজেলার হরিণচড়া গ্রামের মশিউর রহমানের স্ত্রী ফেরদৌসী বেগমের সিজারিয়ান অপারেশন করার মধ্য দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন। প্রতিষ্ঠার প্রায় ৫৫ বছর পর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কার্যক্রম চালু হলো।
সিজারিয়ান অপারেশনের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, ফেরদৌসী বেগম এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতক ও মা দু’জনেই সুস্থ রয়েছেন। এখন থেকে এখানে নিয়মিত সিজারিয়ান অপারেশন করা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৬২ সালে ৩১ শয্যা নিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। ২০০৭ সালে তা ৫০ শয্যায় উন্নীত হয়। প্রতিষ্ঠার ৫৫ বছর পার করলেও বিভিন্ন সমস্যার কারণে এ প্রতিষ্ঠানে সিজারিয়ান কার্যক্রম বন্ধ ছিল। তবে এখন থেকে প্রতি সপ্তাহে সোম ও মঙ্গলবার অফিস চলাকালে সিজারিয়ান অপারেশন করা হবে।
এ ব্যাপারে ডা. ওবায়দা নাজনীন মুক্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সিজারিয়ান অপারেশন করার সময় আমি নার্সদের দক্ষতার অভাব অনুভব করি। এখানে যারা কর্মরত আছেন, তারা এ কাজে অনভিজ্ঞ। তাই সপ্তাহে দুই দিন এ অপারেশন করা হবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, হাসপাতালে বেশ কিছু সমস্যা রয়েছে। এসব সমস্যা কাটিয়ে উঠলে সাত দিনই সিজারিয়ান অপারেশন করা হবে।
এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন এলাকার লোকজন।
/এমএ/