নিখোঁজের ৫ বছর পর যৌনপল্লী থেকে ২ কিশোরী উদ্ধার

আটককৃত বাড়িওয়ালী রেহেনা। ছবি-প্রতিনিধি

নিখোঁজের পাঁচ বছর পর রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী থেকে মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে দুই কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় রেহেনা বেগম (৪০) নামের এক বাড়িওয়ালীকে আটক করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৮।  

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া যৌনপল্লীতে উদ্ধার অভিযান চালানো হয়। এসময় গাজীপুর ও চাঁদপুর থেকে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে উদ্ধার করেন র‌্যাব সদস্যরা। অভিযানে রেহেনা বেগম নামের এক বাড়িওয়ালীকে আটক করা হয়েছে। রেহেনা মাদারীপুর জেলার সদর থানার জালালপুর গ্রামের মৃত জয়নাল সরদারের মেয়ে।

র‌্যাব জানায়, চাকরি দেওয়ার কথা বলে পাঁচ বছর আগে গাজীপুর থেকে এক কিশোরীকে নিয়ে এসে ২০ হাজার টাকায় বিক্রি করে দেন এক নারী। প্রায় একই সময়ে প্রেমের ফাঁদে ফেলে চাঁদপুর থেকে আরেক কিশোরীকে এনে ৮০ হাজার টাকায় বিক্রি করেন উজির নামের এক ব্যক্তি। র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প এ তথ্য পাওয়ার পর অনুসন্ধান শেষে মেয়ে দু’জনকে উদ্ধারের জন্য অভিযান চালায়।

অভিযান শেষে উদ্ধারকৃত দুই কিশোরীসহ আটক রেহেনাকে গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এএইচ/এমএ/