গরম দুধে স্বামীকে ঝলসে স্ত্রী গ্রেফতার

হাসপাতালে চিকিৎসাধীন মজলুমলালমনিরহাটে গরম দুধ ঢেলে স্বামীর শরীর ঝলসে দেওয়ার মামলায় সুফিয়া বেগম (২৫) নামের এক নারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।পরে আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছেন।

মঙ্গলবার (০১ আগস্ট) আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের পলাশী এলাকায় এ ঘটনা ঘটে। এরপর বৃহস্পতিবার (০৩ আগস্ট) ইজিবাইক চালক মজমুল হক আদিতমারী থানায় মামলা করলে তার স্ত্রী সুফিয়াকে গ্রেফতার পুলিশ। 

আদিতমারী থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, সারাদিন ইজিবাইক চালিয়ে রাতে বাড়ি ফিরতে মজমুলের প্রায়ই দেরি হয়। এতে সুফিয়ার সন্দেহ হয়, মজমুল পরকীয়ায় জড়িয়ে পড়ে দেরি করে বাড়ি ফিরছেন। এ নিয়ে প্রায়ই তাদের ঝগড়া হয়। দেরিতে বাড়ি ফেরার কারণে মঙ্গলবারও মজমুলকে বকাঝকা করেন সুফিয়া। পরে মজমুল খেতে বসলে সুফিয়া গরম দুধ তার ওপর ঢেলে দেন। এতে মজমুলের গলা ও ঘাড়ের কিছু অংশ ঝলসে যায়। মজমুলের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আদিতমারী থানার ওসি হরেশ্বর রায় বলেন, ‘ইজিবাইক চালক মজমুল হকের করা মামলায় সুফিয়া বেগমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আহত মজমুল হক আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সুফিয়ার সন্দেহ মজমুল পরকীয়া করেন। এটা সহ্য করতে না পেরে স্বামীর শরীরে গরম দুধ ঢেলে দেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন সুফিয়া।’

মজমুলের প্রতিবেশীরা জানান, বছর পাঁচেক আগে মজমুলের সঙ্গে বিয়ে হয় সুফিয়ার। তাদের একটি সন্তান রয়েছে।

/এএম