খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা। রবিবারের (৬ আগস্ট) মধ্যে কোনও ব্যবস্থা নেওয়া না হলে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ায় কর্মসূচি ঘোষণা করেছেন তারা।
বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে সদরের কদমতলীতে জেলা আওয়ামী লীগ সভাপতি ও সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরার অনুসারীদের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সহ-সভাপতি মনির হোসেন খান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মংসুইপ্রু চৌধুরী।
বক্তাদের অভিযোগ, চাঁদা না পাওয়ায় চিহ্নিত সন্ত্রাসীদের নামে মামলা নিচ্ছে না পুলিশ। কিন্তু মিথ্যা মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঠিকই হয়রানি করছে তারা।
সংবাদ সম্মেলনে বক্তারা জানান, জেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক জাহেদুল আলমের ছোট ভাই ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম; শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন ফিরোজ ও শ্রমিক লীগ নেতা মো. নুরুন্নবীর বাহিনী গত বুধবার (১ আগষ্ট) বিকালে জেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক সুরুজ মিয়ার ওপর হামলা করে। এ ব্যাপারে মামলা নিতে গড়িমসি করছে পুলিশ। পুলিশকে চাঁদা না দেওয়ায় তারা এমন করছেন বলে অভিযোগ বক্তাদের। এসময় হামলাকারীদেরকে চিহ্নিত সন্ত্রাসী বলে অবহিত করেন তারা।
হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রবিবার (৬ আগস্ট) খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। মিছিলের পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
এএইচ/