৯ মাসের শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে

শিশু নির্যাতন

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আগুনে পুড়িয়ে ৯ মাসের কন্যা সন্তানকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। গত রোববার (৩০ জুলাই) উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্দা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার ৫ দিন পর শুক্রবার (৪ আগস্ট) চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ মফিজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় তিন জনকে আসামি করে নিহত শিশুটির নানী সাজিয়া বেগম সোনারগাঁ থানায় একটি মামলা করেছেন। ঘটনার পর শিশুটির বাবা জহিরুল ইসলাম পালিয়ে গেছেন।

এজাহারে উল্লেখ করা হয়, পুত্র না হয়ে কন্যা সন্তান হওয়ায় জহিরুল ক্ষুব্ধ ছিল। মেয়ে জন্ম দেওয়ার অপরাধে স্ত্রী কুলসুমকে বাবার বাড়িও পাঠিয়ে দিয়েছিল জহিরুল। সম্প্রতি মেয়েটিকে তার নানার বাড়িতে রেখে আসার জন্য স্ত্রীকে চাপ দিচ্ছিল সে। গত রবিবার পরিকল্পিতভাবে শিশুটির গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগায় জহিরুল। এছাড়াও কুলসুমকে নিয়মিত অত্যাচার করা হতো বলেও অভিযোগ করেছেন কুলসুমের মা। শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিতে চাইলেও জহিরুলের বাঁধার কারণে তা সম্ভব হয়নি, স্থানীয়ভাবেই তার চিকিৎসা চলছিল বলেও জানান তিনি। 

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোরশেদ আলম বলেন, ‘নিহত শিশুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’ তিনি আরও জানান, পারিবারিক কলহের জের ধরে এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। জহিরুল একজন বৈদ্যুতিক মিস্ত্রি। সে মাদকাসক্ত বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এএইচ/