জনগণের স্বস্তির জন্য আমি ও মেয়র একসঙ্গে কাজ করছি: সেলিম ওসমান

মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য সেলিম ওসমানজনগণের স্বস্তির জন্য ও আশা বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী । যত বাধাই আসুক তারা একসঙ্গে কাজ করে যাবেন। এ কথা বলেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

শনিবার সকাল এগারোটায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চৌধুরী বাড়ি এলাকায় অবস্থিত নাসিম ওসমান মডেল হাইস্কুল প্রাঙ্গণে ফলদ বৃক্ষমেলার উদ্বোধন ও সেমিনারে এসব কথা বলেন তিনি।

বন্দর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

সেলিম ওসমান বলেন,‘আমি এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী একসঙ্গে কাজ করছি শুধু নির্বাচন করার জন্য নয়, জনগণের স্বস্তির জন্য। জনগণের আশা  বাস্তবায়নের জন্য। যত বাধাই আসুক আমরা কাজ করবোই।’

বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী হাবিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক আব্বাস উদ্দিন, নারায়ণগঞ্জ জাতীয় পার্টির জেলা আহ্বায়ক আকুল জাহের, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুল, বন্দর আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার প্রধান প্রমুখ।

প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে। শেষ হবে ১২ আগস্ট। মেলায় মোট ২৯টি  স্টল রয়েছে।

/এপিএইচ/