মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও আমিষের চাহিদা মেটাতে মৎস্যজীবীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। শনিবার রাতে নোয়াখালী সাকিট হাউজে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোকসভা ও মৎস্যজীবীদের সাথে এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি বলেন, দেশে শতকরা ১১ ভাগ লোক মৎস্য উৎপাদন ও সংরক্ষণে জড়িত। তিনি আওয়ামী মৎস্যজীবী সংগঠনকে আরো শক্তিশালী করার জন্য সকল মৎস্যজীবীদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন।
মৎস্যজীবী আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম।
এর আগে প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ জেলার সোনাইমুড়ী উপজেলার গান্ধী আশ্রম ট্রাস্ট পরিদর্শন করেন। তিনি গান্ধী আশ্রম ট্রাস্টের বিভিন্ন জনহিতকর কার্যক্রম সম্পকে অবহিত হন।
এ সময় গান্ধী আশ্রম ট্রাস্টের কর্মকর্তা, প্রাণীসম্পদ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক ডা. মো. শহীদ উল্যাহ, জেলা মৎস্য কর্মকর্তাসহ জেলার মৎস্যজীবি উপস্থিত ছিলেন। পরে তিনি সদর উপজেলার বিসমিল্লাহ এগ্রো ফিশারিজের কার্যক্রম পরিদর্শন করেন।
/এমএইচ