কুড়িগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রাম

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই চাচাতো ভাই শফিকুলের (১৬) বিরুদ্ধে। রবিবার (৬ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর অসুস্থ অবস্থায় ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়। উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল সাঈদ বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।

ভিকটিমের মায়ের অভিযোগ, ‘রবিবার দুপুরে শিশুটিকে গোসল করিয়ে দিয়ে বাড়ির বাইরে এক প্রতিবেশীর সঙ্গে আমি গল্প করছিলাম। হঠাৎ খেয়াল হতেই দেখি, আমার মেয়ে আশেপাশে নেই। বাড়িতে ফিরে শফিকুলের ঘর থেকে মেয়ের চিৎকার শুনতে পাই। ধাক্কা দিয়ে ঘরের দরজা খোলে দেখি, সেখানে আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই সময় আমি শফিকুলকে আটকানোর চেষ্টা করলে সে আমাকে মারতে উদ্যত হয়। আমি তখন চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসেন। এসময় শফিকুল পালিয়ে যায়।’

ভিকটিমের বাবার অভিযোগ, ‘পারিবারিক কলহের জের ধরে আমার ভাতিজা মেয়েটিকে ধর্ষণ করে।’ তিনি আরও জানান, ঘটনার পর মেয়েকে নিয়ে থানায় যান এবং পুলিশকে দেখান। পরে মেয়েকে হাসপাতালে ভর্তি করেন।

ওসি আব্দুল্লাহ আল সাঈদ বলেন, ‘মৌখিক অভিযোগ পেয়ে আসামি ধরার জন্য আমি অভিযান শরু করেছি। মামলা নেওয়ার প্রক্রিয়া চলছে। শিগগিরই আসামি ধরা পড়বে।’

/এমএ/