বরিশাল জেলার মুলাদী উপজেলার চরলহ্মীপুর গ্রামে পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে মো. নজরুল (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। এরপর নজরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইদুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।’
ওসি আরও জানান, মৃত নজরুল ইসলাম একই গ্রামের আলী ক্যাশিয়ারের ছেলে। তার মৃত্যুর ব্যাপারে কোনও মামলা হয়নি। তবে মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হবে। কার গাফেলতিতে নজরুলের মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হবে।
এ ব্যাপারে চরলহ্মীপুর গ্রামের দোকানি পলাশ জানান, সোমবার রাত থেকে পল্লী বিদ্যুতের লাইন ছিঁড়ে পড়ে ছিলো। মঙ্গলবার দুপুরে নজরুল পুকুর পাড়ে গেলে ছিঁড়ে থাকা তারে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যান।
তার ছেঁড়ার ব্যাপারে মুলাদী উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম সঞ্জয় রায় বলেন, ‘২শ ২০ ভোল্টের একটি লাইনের তার ছিঁড়ে আছে খবর পেয়ে মঙ্গলবার সকাল ৯টা ৫৮ মিনিটে ওই এলাকার লাইন বন্ধ করে দেওয়া হয়।’ এরপর দুপুর ১২টায় নজরুল কীভাবে বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গেছেন এটা তাদের বোধগম্য নয় বলেও জানান তিনি।
এএইচ/