নীলফামারীর সৈয়দপুরে হরিজন সম্প্রদায়ের ষষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টাকারী ব্যক্তিকে আটক করেও ছেড়ে দিয়েছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির নাম শাহাদত হোসেন। সে এক সন্তানের পিতা। শাহাদতের বাবার নাম সমেজ উদ্দিন। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এলাকার কাউন্সিলরকে সালিশের দায়িত্ব দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সালিশে সমাধান না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
শিশুটির মায়ের অভিযোগ, হরিজন সম্প্রদায় হওয়ার কারণে তার কন্যাকে ধর্ষণের চেষ্টাকারী ব্যক্তিকে আটকের পরও থানা থেকে ছেড়ে দিয়েছে পুলিশ। মামলা করতে চাইলেও তা নেয়নি।
এ ব্যাপারে হরিজন সম্প্রদায়ের পক্ষ থেকে জানানো হয়, রবিবার (৬ আগস্ট) রাতে শিশুটিকে নিজ বাড়িতে ডেকে নেয় সমেজ উদ্দিনের ছেলে ও এক সন্তানের জনক শাহাদত। এরপর ধর্ষণের চেষ্টা করলে চিৎকার করে ১২ বছর বয়সের শিশুটি। তখন ওই মহল্লার হরিজন সম্প্রদায়ের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে শাহাদত ও শিশুটিকে থানায় নিয়ে যায়। কিন্তু সোমবার সকালে কোনও মামলা না নিয়েই ছেড়ে দেয় ধর্ষণের চেষ্টাকারী শাহাদতকে।
এএইচ/