বুধবার (০৯ আগস্ট) দুপুরে হিলি সীমান্তের মুহাড়াপাড়া এলাকায় হেদায়েতুল্লার ছেলে ইউনুস আলীর বাড়িতে অভিযান চালায় বিজিবি। হিলির বাসুদেবপুর বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মাহমুদ আলম জানান, ভারত থেকে নিষিদ্ধ ট্যাবলেট এনে দেশে মজুদ করা হচ্ছে বলে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে ইউনুস আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে এক লাখ ৬৮ হাজার পিস নিওসিপ ট্যাবলেট, এক লাখ ১২ হাজার পিস ডেক্সোন ট্যাবলেট ও এক লাখ ২ হাজার পিস প্রাকটিন উদ্ধার করা হয়। এসব ট্যাবলেট গরু মোটাতাজাকরণে ব্যবহৃত হয় বলে জানান বিজিবি ক্যাম্প কমান্ডার।
এছাড়া, সকাল ১০টার দিকে মংলা বিলের পার এলাকায় পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় ১১ হাজার ৮০০ পিস কলম, ৮০০ কেজি লবণ, ১৭ কেজি জিরা ও ২৫টি শাড়ি উদ্ধার করা হয়।
ট্যাবলেটসহ উদ্ধার এসব মালামালের বিজিবি নির্ধারিত জব্দ মূল্য এক কোটি ১৭ লাখ ৯০ হাজার ১০০ টাকা। মালামালগুলো সিজার লিস্টের মাধ্যমে হিলি শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মাহমুদ আলম।
/এএম