জমি ফেরত ও হামলাকারীদের বিচার দাবিতে সাঁওতালদের সমাবেশ শুক্রবার

সাঁওতালদের উচ্ছেদের সময় পুলিশের অ্যাকশন (ফাইল ছবি)বাপ-দাদার জমি ফেরত ও হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার করে বিচার দাবিতে শুক্রবার (১১ আগস্ট) বিক্ষোভ ও সমাবেশ করবে গাইবান্ধার গোবিন্দগঞ্জের খোলা আকাশের নিচে আশ্রয় নেওয়া সাঁওতালরা। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জ আদিবাসী সাঁওতাল ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, গোবিন্দগঞ্জ পারগোনা পরিষদ, আদিবাসী ইউনিয়ন ও আদিবাসী পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

গোবিন্দগঞ্জ আদিবাসী সাঁওতাল ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘শুক্রবার দুপুর ১২টার দিকে মাদারপুর গির্জার সামনে থেকে সাঁওতালরা বিক্ষোভ মিছিল করে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে জড়ো হবেন। এরপর দুপুর ২টার পর সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে সাঁওতাল নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।’

আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বার্নাবাস টুডু বলেন, ‘সারাদেশে ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। কিন্তু গোবিন্দগঞ্জের মাদারপুর-জয়পুরপাড়ায় খোলা আকাশের নিচে ঝুপড়ি ঘরে গত ৯ মাস ধরে আশ্রয় নেওয়া দুই শতাধিক সাঁওতাল পরিবারের কেউ দিবসটি পালন করেনি। দিবসটি উপলক্ষে নেওয়া হয়নি কোনও কর্মসূচি। আগের সিদ্ধান্ত ছিল আদিবাসী দিবস উপলক্ষে শুক্রবার আগস্ট বিক্ষোভ ও সমাবেশ করা হবে। সেই সিদ্ধান্তে শুক্রবার বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘মূলত বিক্ষোভ সমাবেশ থেকে বাপ-দাদার জমি ফেরতসহ সাঁওতাল পল্লীতে হামলা চালিয়ে লুটপাট, আগুন ও গুলি করে তিন সাঁওতালকে হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হবে। এ দাবির পরও যদি জমি ফেরত ও জড়িতদের গ্রেফতার করা না হয় তাহলে সমাবেশ থেকে বৃহত্তর কর্মসূচির ঘোষণাও দেওয়া হতে পারে’।

রংপুর চিনিকলের গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ এলাকার জমিতে বসতি গড়ে তুলেছিলেন সাঁওতালরা। গত বছরের ৬ নভেম্বর পুলিশ পাহাড়ায় চিনিকল শ্রমিক-কর্মচারী বসতি গড়ে তোলা জমিতে আখ রোপন করতে যায়। এসময় সাঁওতালদের সঙ্গে পুলিশ ও চিনিকলের শ্রমিক-কর্মচারীর সংঘর্ষ বাঁধে। এতে তিন সাঁওতাল নিহত ও পুলিশসহ অন্তত ৩০ জন আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি ও সাঁওতালদের পক্ষ থেকে দুটি মামলা হয়। বর্তমানে মামলা দুটি আদালতে বিচারাধীন।

/এএম