চক্রান্ত করে শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলাই বিএনপির একমাত্র কাজ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, সুপ্রিম কোর্টের রায়কে ব্যবহার করে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির রাজনীতি শুরু করেছে। শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। উন্নয়ন করাই এ সরকারের একমাত্র কাজ। আর নতুন নতুন চক্রান্ত করে শেখ হাসিনার সরকারকে বিপদে ফেলাই হলো বিএনপির একমাত্র কাজ।’
শনিবার (১২ আগস্ট) বিকালে শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সিরাজগঞ্জ সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির দুরভিসন্ধি কোনোদিনই পূরণ হবে না। অতীতের মতো শেখ হাসিনা আবারও তাদের ষড়যন্ত্র নস্যাৎ করবেন। এরপর জনগণের রায় নিয়ে তিনি আবারও সরকার গঠন করবেন।’
সিরাজগঞ্জ ও কাজিপুরের উন্নয়ন দ্রুত এগিয়ে যাচ্ছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আগামীদিনেও এ দুই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।’
এর আগে দুপুরে তিনি সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের দত্তবাড়িতে প্রস্তাবিত নার্সিং মহাবিদ্যালয়ের নির্মাণ কাজ এবং ছোনগাছা ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশুকেন্দ্রের স্থান পরিদর্শন করেন। এসময় স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল এমএ মোহী, প্ল্যানিং কমিশনের যুগ্ন-সচিব মহিউদ্দিন আলমগীর, শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. রেজাউল করিম, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, মেডিক্যাল কলেজের প্রকল্প প্রধান ডা. বাকী উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
/এমএ/