পেকুয়ায় জেলা পরিষদ সদস্যসহ গ্রেফতার ৫, অস্ত্র উদ্ধার

 

কক্সবাজারকক্সবাজারের পেকুয়ায় র‌্যাবের অভিযানে জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম ও তার ৪ ভাইকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৭ লাখ টাকা ও ৩টি অস্ত্র উদ্ধার করা হয়।  রবিবার সকালে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার জাহাঙ্গীর আলম পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য।

গ্রেফতার জাহাঙ্গীর আল চার সহোদর হলো- আলমগীর (৪০), আজমগীর (৩৫), কায়ুম (৩০) এবং ওসমান সরওয়ার (২৫)।

র‌্যাব-৭ কক্সবাজার কার্যালয়ের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিন বলেন, ‘তাদের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। শনিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়ায় জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালান র‌্যাব সদস্যরা। এক পর্যায়ে ভোর সকালে ওই বাড়িটি ঘেরাও করে তল্লাশী করে নগদ ১৭ লাখ টাকা ও ৩টি অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার করা অস্ত্রগুলোর মধ্যে দেশীয় তৈরি একটি লম্বা বন্দুক, ২টি এলজিসহ ১০ রাউন্ড গোলাবারুদ রয়েছে।’

/এসএনএইচ/