ষোড়শ সংশোধনী বাতিলের রায়: তিন জেলায় আইনজীবীদের পাল্টাপাল্টি সমাবেশ

বরিশালের জজ আদালত প্রাঙ্গণে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আইনজীবীদের পাল্টাপাল্টি সমাবেশসংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে বরিশাল, যশোর ও নারায়ণগঞ্জে পাল্টাপাল্টি সমাবেশ ও বিক্ষোভ করেছে আওয়ামী লীগ ও বিএনপিপন্থী আইনজীবীরা। রবিবার (১৩ আগস্ট) আইনজীবীরা এ কর্মসূচি পালন করে।

আমাদের বরিশাল প্রতিনিধি জানান, বরিশালের জজ আদালত প্রাঙ্গণে ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে অসাংবিধানিক, রায়ের পর্যবেক্ষণকে অপ্রাসঙ্গিক ও রায়ে বঙ্গবন্ধুকে হেয় করা হয়েছে বলে দাবি করে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ বরিশাল জেলা কমিটি। অন্যদিকে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের পদত্যাগ, গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বরিশাল জেলা কমিটি।

রবিবার দুপুর ১২টায় বরিশাল আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে মিছিল করে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি সুপ্রিম কোর্ট বার আইনজীবী সমিতির সদস্য গোলাম আব্বাস চৌধুরী দুলাল নেতৃত্ব দেন। মিছিল শেষে আইনজীবী সমিতি ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করে তারা। সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ ওবায়দুল্লাহ সাজু।

বরিশালের জজ আদালত প্রাঙ্গণে ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আওয়ামী লীগপন্থী আইনজীবীদের সমাবেশএর আগে, বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের পদত্যাগ, তাকে গ্রেফতার ও বিচারের দাবিতে আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে আওয়ামী আইনজীবী সদস্যরা ও পুলিশ সদস্যরা যৌথভাবে বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন তারা। এক পর্যায়ে বাধা অতিক্রম করে মিছিল নিয়ে রাস্তায় যাওয়ার চেষ্টা করলে পুলিশ ফের জজ আদালতের গেটের সামনে ব্যারিকেড দিয়ে জাতীয়তাবাদী আইনজীবীদের আটকে দেয়। পরে সেখানে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আলী আহম্মদের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী আলী হায়দার বাবুল, জেলা বিএনপি সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, কোতয়ালী বিএনপি সভাপতি এনায়েত হোসেন বাচ্চু,  বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোখলেচুর রহমান বাচ্চু প্রমুখ।

আমাদের যশোর প্রতিনিধি জানান, রবিবার দুপুরে আইনজীবী সমিতির সামনে ‘বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশক্রমে যশোর আইনজীবী সমিতির সচেতন সদস্যবৃন্দ’ ব্যানারে সরকার সমর্থক আইনজীবীরা এবং ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র ব্যানারে বিএনপিপন্থী আইনজীবীরা কর্মসূচি পালন করেন। আওয়ামীপন্থীদের সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আলী রায়হান। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সমাবেশে সভাপতিত্ব করেন যশোর বারের সাবেক সাধারণ সম্পাদক আবু মোর্তজা ছোট। সমাবেশ শেষে আওয়ামীপন্থী আইনজীবীরা সংক্ষিপ্ত মিছিল করেন।

আমাদের নারায়ণগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, জেলা আইনজীবী সমিতির সামনে রবিবার পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামীপন্থী ও বিএনপিপন্থী আইনজীবীরা। রবিবার দুপুরে একই সময়ে দুই পক্ষের বিক্ষোভ মিছিল ও সমাবেশ হওয়ায় আইনজীবীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুপুর সাড়ে ১২টায় সমাবেশ করেন আওয়ামীপন্থী আইনজীবীরা। অন্যদিকে দুপুর ১টার দিকে একই স্থানে সমাবেশ করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

/এনআই/টিআর/