নীলফামারীর ডোমারে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১৩ আগস্ট) ডোমার উপজেলার পৃথক দুটি ইউনিয়নে এ ঘটনা ঘটে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানরা এ তথ্য নিশ্চিত করেছেন।
রবিবার সন্ধ্যায় উপজেলার হরিণচড়া ইউনিয়নের আঠিয়াবাড়ি গ্রামে শিলা আক্তার (২) ও একই সময় ভোগডাবুড়ি ইউনিয়নের পূর্বখানকা পাড়া এলাকায় সাদিক হোসেন (৪) নামের শিশু দুটি পুকুরে ডুবে মারা যায়।
হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, রবিবার বিকাল চারটার দিকে শিলা খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। সঙ্গে সঙ্গে পুকুর হতে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ভোগডাবুড়ি ইউপি চেয়ারম্যান মো. একরামুল হক জানান, সাদিককে রবিবার দুপুর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজার পর বাড়ির পাশের পুকুর হতে তার লাশ উদ্ধার করা হয়।
/এএইচ/