শ্রীপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে দুদক চেয়ারম্যান

শ্রীপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে দুদক চেয়ারম্যান (ছবি-প্রতিনিধি)

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার চন্নাপাড়া কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ। সেবার মান দেখতে সোমবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১০টার দিকে তিনি ক্লিনিকটিতে যান। এসময় সেবা নিতে ক্লিনিকে আসা রোগীদের খোঁজখবর নেন এবং সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ক্লিনিক পরিদর্শন শেষে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের জানান, স্বাস্থ্য খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কমিউনিটি ক্লিনিকগুলো। প্রান্তিক এলাকার চিকিৎসার অন্যতম ভরসা কমিউনিটি ক্লিনিক। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সেবার মান বাড়াতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা মান্নান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা, প্ল্যান বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোবারক হোসেন, কমিউনিটি ক্লিনিকের সভাপতি ও শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. হাবিবুল্লাহ প্রমুখ।

/এমএ/