বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার: সংস্কৃতিমন্ত্রী

লালমনিরহাটে ত্রাণ বিতরণ করছেন আসাদুজ্জামান নূর (ছবি-প্রতিনিধি)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের পুনর্বাসনের জন্য সব ধরনের সহায়তার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা করবে সরকার। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত রোপা-আমন চাষিদের সহায়তা দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে গৃহহারা পরিবারগুলোকেও সাহায্য করা হবে।’

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধার তিস্তা ব্যারেজ এলাকায় দোয়ানী উচ্চবিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণের আগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান নূর বলেন, ‘এবারের মতো বন্যা এর আগে উত্তরাঞ্চলের মানুষ দেখেননি। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদেরও পুনর্বাসনের জন্যও কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। একজন মানুষও যেন না খেয়ে থাকে, সেজন্য কাজ করছে সরকার।’

লালমনিরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রেজাউল আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ইউএনও সৈয়দ এনামুল কবির ও পিআইও ফেরদৌস আহম্মেদ।

উল্লেখ্য, সংস্কৃতি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের টাকা লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বন্যার্তদের মাঝে বিতরণ করেন আসাদুজ্জামান নূর। বন্যার্ত প্রত্যেক পরিবারকে একহাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়।