টাঙ্গাইলের সদর উপজেলায় ৫০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার (২৩ আগস্ট) রাতে উপজেলার রাবনা বাইপাস এলাকায় একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলো, নারায়ণগঞ্জের মিরচীপাড়া এলাকার গৌরাঙ্গ মালির ছেলে রিপন মালি (৩২) এবং প্রাইভেটকার চালক মৌলভীবাজারের মুসলিমবাদ এলাকার আব্দুল কায়ুমের ছেলে টিপু মিয়া (৩৩)।
ওসি অশোক কুমার সিংহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রাপনা বাইপাসে একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় প্রাইভেটকারে থাকা ৫০ কেজি গাঁজা উদ্ধার ও দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।