ঈদে হিলি স্থলবন্দরে সাত দিন আমদানি রফতানি বন্ধ

হিলি শুল্ক স্টেশনপবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর শুল্কস্টেশনে সাত দিন সিঅ্যান্ডএফ এজেন্টের কার্যক্রম বন্ধ থাকবে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার (২৪ আগস্ট) এ ঘোষণা দিয়েছে। এতে ওই সময় বন্দর দিয়ে দু’দেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় পাসপোর্টধারী যাত্রীদের ভারত-বাংলাদেশের মধ্যে যাতায়াত কার্যক্রম চালু থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে জানান, ঈদ উপলক্ষে আজ আ্যসোসিয়েশনের এক বৈঠকে উৎসবটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে আগামী ১ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত টানা সাত দিন হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি মো. হারুন উর রশীদ হারুন বাংলা ট্রিবিউনকে জানান, ওই সাতদিন ছাড়াও ৮ তারিখ শুক্রবার হওয়ায় ওইদিনও বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে। এতে করে আসরে ৮ দিন হিলি স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকার কোনও সুযোগ নেই। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের মধ্যে পাসপোর্টধারীদের যাতায়াত  কার্যক্রম চলবে।