ফুলবাড়ী দিবসে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

ফুলবাড়ী দিবসে ছয় দফা বাস্তবায়নে র‌্যালিনীলফামারীতে মিথ্যা মামলা প্রত্যাহারসহ আট দফা দাবিতে ফুলবাড়ী দিবস পালন করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। শনিবার (২৬ আগষ্ট) কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টার দিকে শহরের কালীবাড়ি মোড় থেকে একটি মৌন মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে ফুলবাড়ি আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পরে সেখানে এক মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্ববায়ক শ্রীদাম দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিপিবি জেলা সভাপতি আতিয়ার রহমান, বাসদ নেতা ইউনুস আলী, ইউসিএল (ইউনাইটেট কমিউনিস্ট লীগ) নেতা স্বরণী বিশ্বাস, মুক্তিযোদ্ধা মফিজার রহমান, নুরুজ্জামান জোয়ারদার প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ‘দিনাজপুর জেলার ফুলবাড়ি, বিরামপুর, পার্বতীপুর, নবাবগঞ্জ, বড়পুকুরিয়াসহ উত্তরবঙ্গকে ধ্বংস করার জন্য উম্মুক্ত পদ্ধতিতে ভূগর্ভস্থ কয়লা উত্তোলনের জন্য ২০০৬ সালে এশিয়া এনার্জির সঙ্গে অসম চুক্তি করেন তৎকালীন বিএনপি সরকার। ওই চুক্তির বিরুদ্ধে সে সময় ফুসে ওঠে ফুলবাড়িসহ দেশের জনগণ। ওই বছরের ২৬ আগস্ট (এই দিনে) ঘেরাও করা হয় এশিয়া এনার্জির কার্যালয়। শান্তিপূর্ণ কর্মসুচি শেষে ফিরে যাওয়ার সময় পেছন দিক থেকে আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলি ছোড়ে তৎকালীন বিডিআর সদস্যরা। এতে শহীদ হন তরিকুল, সালেকিন ও আল আমিন। আহত হন মুক্তিযোদ্ধা বাবুল রায়, প্রদীপ, শ্রীমানসহ অনেকে।’

ফুলবাড়ি দিবসের অনুষ্ঠানে আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

ফুলবাড়ি আন্দোলনের অন্যান্য দাবির মধ্যে ছিল দুর্নীতির দায়মুক্তি আইন বাতিল করতে হবে, খনিজসম্পদ রফতানি নিষিদ্ধ আইন করতে হবে, রামপাল প্রকল্প বাতিল করতে হবে, স্থলভাগ ও বঙ্গপসাগরের গ্যাস সম্পদ নিয়ে লুটপাট চুক্তি চলবে না, জাতীয় সক্ষমতার বিকাশ ঘটাতে হবে, জাতীয় সংস্থার মাধ্যমে উত্তোলন করে শতভাগ গ্যাস দেশের কাজে লাগাতে হবে, উত্তরবঙ্গের সব জায়গায় অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সংযোগ দিতে হবে এবং উত্তরবঙ্গসহ সারা দেশে সুলভে গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিৎ করতে হবে।

/এসএমএ/