বঙ্গবন্ধুর হত্যাকারী চক্র থেমে নেই: তাপস

ফজলে নূর তাপস (ফাইল ছবি)

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বিচার বিভাগ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য সচিব সাংসদ শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকারী চক্র থেমে নেই। এই শক্তি কখনও সেনাবাহিনী, কখনও যুদ্ধাপরাধী, আবার কখনও জঙ্গিদের দিয়ে শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছে, তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চেয়েছে। ওই সব চেষ্টা ব্যর্থ হওয়ায় এখন তারা দেশের জনগণের আস্থা ও সম্মানের জায়গা বিচার বিভাগ নিয়ে ষড়যন্ত্র শুরু করেছে।’

রবিবার (২৭ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধুর ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

ফজলে নূর তাপস বলেন, ‘ষড়যন্ত্রকারীদের আমরা ভালো করেই চিনি। জনগণ তাদের বারবার প্রত্যাখ্যান করেছে।’

তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের সূত্র ধরে ষড়যন্ত্রকারীরা বিচার বিভাগকে কলুষিত, কলঙ্কিত করতে চায়। বিচার বিভাগীয় নৈরাজ্য সৃষ্টি করতে চায়। এটা করে তারা সাংবিধানিক ধারাবাহিতকা নষ্ট করে অন্য পথে নতুন সরকার গঠন করতে চায়।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর কারণে ড. কামাল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে মাহমুদুর রহমান মান্না আজকের এই অবস্থানে এসেছেন, এটা তাদের ভুলে যাওয়া উচিত নয়’

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দীপুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, অ্যাডভোকেট নাসিমা আক্তার, ওমর ফারুক, জালাল উদ্দিন আহমেদ,  জেলা মুক্তি সংসদের ডেপুটি কমান্ডার নরুল হুদা, অ্যাডভোকেট ফজলুল হক ভূঁইয়াসহ অনেকে।