দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে নিজ দেশে প্রবেশের সময় সম্ভু সিংহ (৪০) নামের এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সে চারদিন আগে একইভাবে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলো। মঙ্গলবার (২৯ আগস্ট) বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব উল আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার দুপুরে হিলি সীমান্তের ২শ’ ৮৪ নম্বর মেইন পিলারের ৫০ নম্বর সাব সীমানা পিলার সংলগ্ন রেললাইনের পাশ দিয়ে ভারত থেকে শম্ভু সিংহ দৌড় দিয়ে বাংলাদেশের ৫০ গজ ভেতরে ঢুকে পড়েন। এ সময় কর্তব্যরত বিজিবি সদস্য তাকে আটক করে। পরে তাকে হাকিমপুর থানায় সোপর্দ করে অবৈধভাবে প্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সে গত ২৫ আগস্ট অবৈধভাবে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলো।
আটক শম্ভু সিংহ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত নারায়ণ সিংহের ছেলে।