বুধবার (৩০ আগস্ট) বিকালে টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিক্যাল কলেজের নির্মাণকাজ পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এসব কথা বলেন। এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি পর্যবেক্ষণে যে কথাগুলো বলেছেন, তা নিয়ে সারাদেশে ঝড় বইছে। পর্যবেক্ষণে বঙ্গবন্ধুকে ছোট করতে গিয়ে তারা নিজেরাই ছোট হয়ে গেছেন।’ তিনি আরও বলেন, ‘সংসদ আর বিচার বিভাগ যার যার অবস্থানে সার্বভৌম। কেউ এর সীমানা অতিক্রম করলে মানুষের কাছে বির্তকিত হবে।’
আগামী কয়েকমাসের মধ্যেই কলেজের একাডেমিক ভবনসহ পাঁচশ শয্যার হাসপাতালের কাজ শেষ হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার মানেই উয়ন্ননের সরকার, অগ্রগতির সরকার, শান্তির সরকার। কাজেই শেখ হাসিনার এই উয়ন্ননের ধারাকে অব্যাহত রাখতে হলে নৌকাকে বিজয়ী করতে হবে।’
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম, শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ মোহাম্মদ আলী, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. পুতুল রায় প্রমুখ। এর আগে, স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালের লোগো ও আড়াইশ শয্যার টাঙ্গাইল জেনারেল হাসপাতালের প্রতিষ্ঠাতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী প্রয়াত আব্দুল মান্নানের প্রতিকৃতি উন্মোচন করেন।