গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে বোরহান উদ্দিন (২৮) ঢাকা ক্যান্টনমেন্টের ভাষানটেক এলাকার বাসিন্দা জালাল মিয়ার ছেলে। অন্য জনের (২৫) পরিচয় জানা যায়নি। আহত দুই জন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত বোরহানের বাবা জালাল মিয়া জানান, টঙ্গীর স্টেশন রোড এলাকায় কপিকলের দোকান রয়েছে বোরহানের। আজ (বৃহস্পতিবার) সকালে গাজীপুর সিটির ইটাহাটা ভাওয়াল কলেজের পশ্চিম পাশে একটি ক্যাপ তৈরির কারখানা থেকে অ্যাম্ব্রয়ডারি মেশিন ট্রাকে তুলে দেওয়ার চুক্তি নেয়। সে অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কপিকল দিয়ে মেশিন ট্রাকে তুলতে গেলে কপিকলের খুঁটিটি অসাবধানতায় ঝুলে থাকা বিদ্যুতের তারে লেগে যায়। এসময় বোরহানসহ চার জন বিদ্যুৎস্পৃষ্ট হন।
এসআই উজ্জ্বল হোসেন জানান, স্থানীয়রা ঘটনাস্থল থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হওয়া চার জনকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।